প্রবল বর্ষণে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ। শুক্রবার (২৮ জুন) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লি এই বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে পড়লে এককজন নিহত হন।
এক বিবৃতিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আভ্যন্তরীণ ফ্লাইটের কাজে ব্যবহৃত বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ আজ সকাল থেকে ‘প্রবল বৃষ্টির’ কারণে ভেঙে পড়েছে। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন। এই ঘটনার ফলে ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত বহির্গমন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সতর্কতার অংশ হিসেবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।