ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচরে চৌকিদারের বৃদ্ধ বাবাকে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে চর জব্বার ইউনিয়নে গ্রাম চোকিদার খলিলের বৃদ্ধ বাবা আব্দুল খালেক ওরফে খাজামিয়াকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৬৭ বছর। তবে পুলিশ ও নিহতের স্বজনরা তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে রয়েছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।

নিহত খাজা মিয়া উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামের খালেক মিয়ার বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ৫ সন্তানের জনক ছিলেন। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ খাজামিয়ার মরদেহ উদ্ধার করে। এর আগে, শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ খাজামিয়া এক সময়ে স্থানীয় বাজারের চা দোকানদার ছিল। স্ত্রী কমলা বেগম কাঞ্চনসহ নিজ বাড়িতে একা বসবাস করেন। শনিবার রাত ৯টার দিকে তিনি স্থানীয় কাঞ্চন বাজার থেকে প্রতিবেশী আরেক লোকের সাথে বাড়ি ফিরেন। কিন্তু বাজার থেকে তিনি আর ঘরে আসেননি। রবিবার সকালে তার স্ত্রী ফজর নামাজ পড়তে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে স্বামী খাজা মিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

 

নিহতের মেজো ছেলে মো. ছিদ্দিক উল্যাহ বলেন, বাবা খুবই সহজ সরল লোক ছিলেন। তার সাথে কারো বিরোধ ছিল না। কে বা কারা তাকে নৃসংশভাবে হত্যা করেছে। এখন পর্যন্ত হত্যার কোনো কারণ তাদের জানা নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক সত্যতা স্বীকার করে বলেন, চৌকিদার খলিলের পিতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যতদূর জেনেছি তিনি ভালো মানুষ ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে শরীর থেকে মাথা আলাদা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখনো নিহতের স্বজনেরা কোনো অভিযোগ করেনি। তবে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ ক্লু-লেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।