গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুবুরিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে শাকিল আহমেদ (৩২) নামে এক বিমা কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর থেকে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন শাকিল। এক পর্যায়ে কালীগঞ্জের দুবুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মহিষবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া অটোরিকশায় থাকা অন্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।