নোয়াখালী: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
সেখানে তারা ডুপ্লেক্স বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় ইব্রাহীম বাড়িতে ছিলেন না। হামলাকারীদের মধ্যে বেশ কিছু যুবক মুখোশ পরা ছিল। পরে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করেন।
যোগাযোগ করা হলে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ জানান, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। তারা লক্ষ্মীপুর জেলা থেকে মাইক্রোবাসে করে এসে এমপির বাড়িতে হামলা চালায়। আমার দল এ ধরনের হামলা সমর্থন করে না। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেনি।