ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে বাগেরহাটের ৯ থানা ও ট্রাফিক পুলিশ

বাগেরহাট: বাগেরহাটে কাজে ফিরেছে পুলিশের সব ইউনিট। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলার নয় থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছে।

পুলিশের দায়িত্ব পালনের খবরে থানায় আসতে শুরু করেছেন সেবা প্রত্যাশীরা।

এছাড়া জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।

পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মো. রাসেলুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সাধারণ মানুষও হাসিমুখে পুলিশকে বরণ করে নিয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সকাল থেকে থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। বিভিন্ন সেবাপ্রত্যাশীরা থানায় আসছেন, আমরা তাদের সেবা দিচ্ছি। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে বলে জানান তিনি।
পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সব নাগরিকের জন্য সব ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। জেলার নয়টি থানা, তদন্ত কেন্দ্র ও  ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্বে ফিরে গেছেন।