বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৬টা ২৩ মিনিটে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদেরকে সিএমএম কোর্টের হাজত খানায় রাখা হয় তাদের। পরবর্তীতে তাদেরকে আদালতে উঠানো হয়। এরপর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। এসময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ প্রদান করেন। এদিন আসামি পক্ষে কোন আইনজীবী ছিলেন না। এদিন তাদেরকে আদালতে হাজির করা নিয়ে নেওয়া বাড়তি নিরাপত্তা। বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়।
এসময় সিএমএম আদালতের সামনে ডিম নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা সালমান এফ রহমান এবং আনিসুল হকের জন্য এই ডিম এনেছেন বলে জানান। এরপর আসামিদরেক আদালতে আনা হলে তাদের ওপর ডিম নিক্ষেপ করা হয়।
এর আগে, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য জানান।
জানা যায়, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
এ মামলার অভিযোগে আয়শা বেগম বলেন, আমার ছেলে শাহজাহান আলী নিউমার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করতো। প্রতিদিনের ন্যায় ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে কাজ করার জন্য যায়। সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি ছেলের মোবাইল নম্বর হতে আমার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে জানায় যে, শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি। আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক পপুলার হাসপাতালে যাই এবং জানতে পারি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক সেখানে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই। তখন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে জানতে পারি, গত ১৬ জুলাই আমার ছেলে অজ্ঞাতনামা কোটাবিরোধীদের দ্বারা গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে নিউমার্কেট থানার মিরপুর রোডের টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর পড়ে ছিল। অজ্ঞাতনামা আসামিরা আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। ফলে আমার ছেলে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। উপস্থিত পথচারীরা আমার ছেলেকে চিকিৎসার জন্য দ্রুত ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ছেলের অবস্থা খারাপ দেখে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে পরীক্ষা-নিরীক্ষা করে গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।