পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় হিন্দুদের ওপর হামলা ও তাদের বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব সমদ্দার (৪০)। তার নির্দেশ দেওয়ার একটি অডিও ক্লিপ এরই মধ্যে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া অডিও সূত্রে জানা গেছে, রাজীব উপজেলার সদর ইউনয়িনের কলাতলা গ্রামের বিএনপি কর্মী কাইয়ুম শেখকে কবিরাজ বাড়ি ও স্থানীয় হরিপাগলা গ্রামের হিন্দুদের দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের নির্দেশ দেন। ওই নির্দেশের কথোপকথন গত কয়েকদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন রাজীব সমদ্দার। তিনি জানান, ওই কথোপকথন তার নয়, তাকে ফাঁসাতে সুপার এডিট করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে স্থানীয় হরিপাগলা ও কবিরাজ বাড়ি এলাকার বাজারে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাংশু সমদ্দারের দোকানসহ কয়েকটি দোকানে লুটপাট ও ভাঙচুর করা হয়। এসময় মারধর করা হয় ব্যবসায়ী হিমাংশু সমদ্দারকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আলাউদ্দিন শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা এ হামলা চালায়।
তবে আলাউদ্দিন শেখ হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন, আওয়ামী লীগের লোকজনের দোকানপাটে হামলা ও লুট হয়েছে। যাদের মধ্যে আওয়ামী লীগের হিন্দু নেতাকর্মী এবং সমর্থকও ছিলেন। লুণ্ঠিত মালামাল উদ্ধার করে আবার ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, অডিও রেকর্ডিংয়ের কথোপকথনটি শুনেছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।