সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, “গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।”
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
ছাত্র-জনতা হত্যার ঘটনায় দ্রুত ন্যায়বিচার পেতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত শুরু হবে আজ থেকেই।
তিনি বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র- জনতা হত্যা মামলায় হত্যার আলামত সংরক্ষণ করে তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে দ্রুত ন্যায়বিচার পাওয়া যায়। দ্রুততম সময়ে ট্রাইবুনাল পুনর্গঠন করে দ্রুত বিচার চাওয়া হবে।”