ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিন্ডিকেট ভাঙতে’ বরিশালে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

বরিশাল নগরীতে সবজির বাজার ‘সিন্ডিকেট ভাঙতে’ সবজি বিক্রি শুরু করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০ টাকা থেকে নগরীর দুটি স্থানে এসব সবজি বিক্রি শুরু হয়। এর মধ্যে একটি স্থানে এক ঘন্টার মধ্যে সকল পণ্য বিক্রি শেষ হয়ে যায়। অপর স্থানে সবজি দুপুরের মধ্যে শেষ হয় বলে জানান বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।

বৈষম্য বিরোধী ছাত্র নাগরিকের ব্যানারে নগরীর চাঁদমারী মাদ্রাসা সড়কে ও আমতলা মোড় মডেল মসজিদের সামনে ভ্রাম্যমান সবজি বিক্রি করা হয়।

শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম দিনে কাঁচা মরিচ ১১০ টাকা কেজি, করলা ৫০ টাকা, শসা ৩০ টাকা, মুলা ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা, কলা হালি প্রতি ২৫ টাকা, লাউ আকার ভেদে ৩০-৪০ টাকা এবং ধনে পাতা ১ শত গ্রাম ১৫ টাকা দরে বিক্রি হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করেন তারা। প্রথম দিনে ৯ হাজার টাকার পণ্য কিনেছিলেন। প্রথম দিনে দুপুর ২টার মধ্যে বিক্রি শেষ করেছেন। এর মধ্যে চাঁদমারী সড়কের নেয়া সবজি এক ঘন্টার মধ্যে বিক্রি শেষ হয়।

 

তিনি জানান, লাভ করার উদ্দেশ্যে নয়। আমাদের মূল উদ্দেশ্যে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া। আমরা চাচ্ছি এটিকে আরও বৃদ্ধি করতে। নগরীর বিভিন্ন বস্তি এলাকায় বিক্রির কার্যক্রম বাড়ানো হবে।

যতদিন বাজার সিন্ডিকেট না ভাঙবে ততদিন এ বাজার থাকবে জানিয়ে তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য এনে বিক্রি করছি। এতে ক্রেতারা কম মূল্যে কিনতে পারছে। তাতে ক্রেতারা সন্তুষ্ট হচ্ছেন। চাহিদা অনুযায়ী আমরা আরও বেশি পণ্য ক্রয় করবো।

ক্রেতারা বলছেন, এভাবে বিভিন্ন স্থানে পণ্য বিক্রি হলে বাজারের মূল্য সিন্ডিকেটের পতন ঘটবে। কারণ এ বাজারে টাটকা সবজি খুচরা বাজারের চেয়ে অনেক কম দামেই পাওয়া যাচ্ছে।

চাঁদমারি এলাকার বাসিন্দা মরিয়ম বলেন, গরীব মানুষের জন্য এ ধরনের বাজার হলে ভালোই হয়।

রাজিয়া নামের এক নারী বলেন, গত কয়েক মাসে যেখানে ৮০ টাকার নিচে বাজার থেকে লাউ কিনতে পারিনি সেখানে ৩০-৪০ টাকার মধ্যে লাউ চিন্তাও করিনি। আবার কলা ও শসার দামও বাজারের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে।