শরীয়তপুরের সখিপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হুমায়রা নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতি খার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মতি খার কান্দি গ্রামের সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে হুমায়রা মাদ্রাসা ছুটি শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিল। হুমায়রা বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছানোর পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। গুরুতর আহত হুমায়রাকে নিকটবর্তী চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় হুমায়রার পরিবারে নেমেছে শোকের মাতম। নিয়ন্ত্রণ হারানো গাড়ির চালকের বিচার দাবি করেছেন তার স্বজনরা। তবে পুলিশ জানিয়েছে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করেননি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলছে পুলিশ।