২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মানিকগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মোকছেদুল মোমিন, বিএডিসির যুগ্ম পরিচালক মো. কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সদস্য সচিব সাহানুর ইসলাম, শহীদ মো. রফিকুল ইসলামের বাবা মো. রহিজ উদ্দিন, আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম, ছায়াদ মাহমুদ খানের বাবা বাহাদুর খান, সমন্বয়ক ওমর ফারুক, স্বপন মিয়াসহ আহতরা।
এ ছাড়া গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পারিবারের একমাত্র দাবি ছিল শহীদ ও আহতদের নামে স্মৃতিস্তম্ভ স্থাপন করে এদের নাম সংরক্ষণ করা।
প্রেস ক্লাবের সদস্য সচিব সাহানুর ইসলাম জেলা প্রশাসক কার্যারয়ের পশ্চিম পাশে নির্মিত স্বাধীনতা চত্তর ফলকেই শহীদ ও আহতদের নাম লেখার দাবি জানান। শহীদদের স্বজনরা যখন বক্তব্য রাখেন তখন জেলা প্রশাসকসহ অনেকেই কান্নায় ভেঙে পরেন।
জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা কান্নাজরিত কণ্ঠে বলেন, জুলাই-আগষ্টে যা ঘটেছে তা ভাষায় বলা কঠিন। তিনি শহীদ পরিবার ও আহতদের সান্তনা দিয়ে বলেন, যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগীতার চেষ্টা করা হবে। জেলার সকল মসজিদে তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ সময় শহীদ ও আহতদের স্বজন ছাড়াও আগত সকলেই ছিল বাকরুদ্ধ। তাদের চোখেমুখে ছিল নিরব আর্তনাদ। তাদের একটাই দাবি এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়।