কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে অজ্ঞাত (৩৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে ভৈরব বাজারের হলুদপট্টিতে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ভিতরে স্বেচ্ছাসেবক লীগের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে হামলায় চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এরপর থেকে আওয়ামী লীগ কার্যালয়ে কোনো কার্যক্রম কিংবা কোনো নেতাকর্মীকে যেতে দেখা যায়নি। কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় থাকায় দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হয়। মাদকসেবীরাও কার্যালয়টি তাদের আস্তানায় পরিণত করেছে। কার্যালয়ের দরজা জানালাও খুলে নিয়ে গেছে।
বুধবার বেলা ১১টার দিকে কার্যালয়ের ভিতরে স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায়। যুবকের পরনে ছিল কালো প্যান্ট। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশের পাশে একটি কালো রঙের গেঞ্জি ছিল। পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে জানানো হয়েছে।