বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার বলেছেন, “ভারত আমাদের সাথে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।” তিনি দেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, “গণতন্ত্রের অবনতির চেষ্টা, সীমান্তে হত্যাযজ্ঞ ও নদী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ফারাক্কা ও টিপাইমুখ বাঁধের মাধ্যমে বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ চালাচ্ছে ভারত।”
বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ চত্বরে শীতার্ত ৩৫ নম্বর ওয়ার্ডবাসীর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আতাউর রহমান আরও বলেন, “দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবে।”
এছাড়া তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণের বদলে অকল্যাণ ঘটিয়েছে, বিশেষত হাতিরঝিলের উন্নয়ন প্রকল্পের নামে বিভক্তি ও সন্ত্রাস সৃষ্টি হয়েছে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমাজসেবক ইউসুফ আলী মোল্লা, সাংবাদিক রাশেদুল ইসলাম, জামায়াত নেতা আনোয়ার হোসেন আজিজ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, কবির হোসেন প্রমুখ।