ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে সুরাইয়া আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের চর পাইয়া তলী হাজী কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সুরাইয়া স্থানীয় চরচান্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনো আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় সুরাইয়ার মা ছোট শিশুকে টিকা দিতে কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলেন। এ সুযোগে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।