ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোটানিক্যাল গার্ডেন হবে প্রকৃতি সংরক্ষণের কেন্দ্র: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বোটানিক্যাল গার্ডেন শুধু বিনোদনের স্থান নয়, এটি প্রকৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে এবং কার্যকর প্রস্তাব আসলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বোটানিক্যাল কনফারেন্স ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, দেশের পাহাড়ি ও উপকূলীয় বনাঞ্চলসহ বিপন্ন বন রক্ষায় সরকার কাজ করছে। তবে বন সংরক্ষণে ট্যুরিজম নিয়ন্ত্রণ ও অবৈধ দখলমুক্ত করে পুনরায় বনায়নের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, কোনো উন্নয়ন প্রকল্পের কারণে বন উজাড় হলে বিকল্প হিসেবে সঙ্গে সঙ্গে পুনরায় বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, শালবন পুনরুদ্ধারে একটি মহাপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু দেশীয় গাছ রোপণ করলেই হবে না, সেগুলো টিকিয়ে রাখার ব্যবস্থাও জরুরি। সামাজিক বনায়নের মাধ্যমে প্রাকৃতিক বন পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই কোনো বনায়ন প্রকল্পের কারণে প্রাকৃতিক বন ধ্বংস করা যাবে না।

নগরায়ণের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ঢাকাসহ দেশের নগর এলাকায় সবুজায়ন ও আরবান ফরেস্ট্রি প্রসারে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি। সংবিধানে জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার করা হয়েছে, যা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিবান্ধব পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদীদের উত্থানের পেছনে এখানকার প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. এম. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. এম. মাহফুজুর রহমান, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. আব্দুর রব প্রমুখ।