দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অতীতের হামলাগুলো জনমনে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, জনগণ দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, যা তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বর্তমান সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন, যা জনগণের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। তবে সরকারের দায়িত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা।
এদিকে, আরেক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার হুঁশিয়ারি দিয়েছে যে, দেশব্যাপী বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।