অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করেও বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করছেন। তিনি বলেন, শেখ হাসিনার এই কার্যকলাপ দেশকে তার নিপীড়নমূলক শাসনামল থেকে মুক্ত হতে বাধা দিচ্ছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে ড. ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনামলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ক্ষোভ বোঝা যায়। তবে আইনের শাসন মেনে চলা এবং শান্তি বজায় রাখা সকল নাগরিকের দায়িত্ব। তিনি বলেন, “আমাদের বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের শাসনকে সম্মান করি। এটি নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য, যা পুরোনো ফ্যাসিবাদী শাসন থেকে আমাদের আলাদা করেছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনা হবে।”
ড. ইউনূস ফ্যাসিবাদী নেতাদের সমালোচনা করে বলেন, তারা দেশকে চরম দুর্দশার মধ্যে ফেলে গেছেন। তবে তাদের ফিরে আসার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, “আমরা তাদের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের আওতায় আনছি। সারাবিশ্ব আমাদের সঙ্গে আছে।”
শেষে তিনি দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানান, “আমরা যেন এমন একটি দেশ গড়ে তুলি, যেখানে সব বাংলাদেশি নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এজন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য শান্তিপূর্ণ ও গঠনমূলক উদ্যোগ নিতে হবে।”