সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরোয়ানা জারি করেন।
দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম আদালতে আবেদন করে জানান, বেনজীর আহমেদ বর্তমানে বিদেশে পলাতক। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এর আগে, গত ১৫ ডিসেম্বর দুদক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকা ও মেঝো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
এদিকে, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি এক বিবৃতিতে বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানায়।