ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মিছিলে হামলা: নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ মোট ১২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি শুক্রবার নগরের বাকলিয়া থানায় মামলা করেন মো. ইলিয়াছ নামে এক ব্যক্তি। পরে, ১৬ ফেব্রুয়ারি জানা যায় যে, আদালতের নির্দেশে এ মামলা রেকর্ড করা হয়। মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুণর রশিদ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার রোজী।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, মামলার বাদী আদালতে আবেদন করেছিলেন এবং আদালত শুনানি শেষে মামলাটি থানায় রেকর্ড করার নির্দেশ দেন।