রাজবাড়ীর গোয়ালন্দে একটি যৌনপল্লী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে এবং একসময় জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জানা গেছে, ২০১৮ সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল থেকে পদত্যাগ করেন সুজন। এরপর তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীতে একটি কক্ষে তল্লাশি চালিয়ে সুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর সুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে হাজির করা হবে। এ ঘটনায় অন্য কারও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।