বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনের আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির, এবং মুখপাত্র আশরেফা খাতুন দায়িত্ব পেয়েছেন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে সংগঠনের ঘোষণা দেওয়া হয়। যদিও পূর্বনির্ধারিত সময় ছিল বিকেল ৩টা, কিন্তু পদবঞ্চিতদের বিক্ষোভ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তা এক ঘণ্টা পিছিয়ে যায়।
ঘোষণার আগেই একটি অংশ ‘বৈষম্যের’ অভিযোগ এনে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, জুলাই আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রাখা সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে গুরুত্বপূর্ণ পদ না দেওয়া এবং উত্তরার পূর্ব ও পশ্চিম অঞ্চলে কমিটি না গঠনের বিষয়টি অন্যায়।
বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।
এক বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, “উত্তরার পূর্ব ও পশ্চিম অঞ্চলে এখনও কমিটি দেওয়া হয়নি, অথচ নতুন সংগঠনের ঘোষণা দেওয়া হচ্ছে— এটি স্পষ্ট বৈষম্য।” আরেকজন জানান, “রিফাত রশিদের আন্দোলনে অবদান সবার জানা। তাকে বাদ দিয়ে গঠিত কমিটি আমাদের প্রতিনিধিত্ব করে না।”
নতুন সংগঠনের আত্মপ্রকাশ এবং পদবঞ্চিতদের বিক্ষোভ ঘিরে ছাত্র রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।