জামালপুরের মেলান্দহ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে।
আটক ব্যক্তিরা হলেন—চরবানীপাকুরিয়া ইউপি চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এস সায়েদুর রহমান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ‘অপারেশন ডেভিল হান্ড’ নামে একটি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় এই চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা জেলা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আটকের কারণ সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও, এটি আইনশৃঙ্খলা রক্ষায় চলমান প্রচেষ্টার অংশ বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের আহতদের অবস্থান কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান লক্ষ্য করা যাচ্ছে।