বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
লিখাচেভ জানান, “প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। বর্তমানে ড্রাই রান চলছে এবং অচিরেই পরীক্ষামূলক চালু (টেস্ট রান) শুরু হবে। আমরা নিরাপত্তা ও গুণগত মানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।”
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোসাটমের সহযোগিতার প্রশংসা করে বলেন, “শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে জ্বালানি খাতে উন্নয়ন আমাদের লক্ষ্য। এই প্রকল্প সময়মতো সম্পন্ন হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা রোসাটমের সমর্থনের ওপর ভরসা করছি।”
রোসাটম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। রাশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, রোসাটমের প্রথম উপমহাপরিচালক আন্দ্রে পেত্রোভসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রূপপুর প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষামূলক চালুর পর পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।