শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতদের হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত চারজন আহত হয়েছেন। পরে স্থানীয়দের প্রতিরোধ ও গণপিটুনিতে দুই ডাকাত প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে, শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টার সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া দিলে তারা স্পিডবোটে করে পালিয়ে শরীয়তপুরে আসে। তেতুলিয়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা হাতবোমা ও গুলি ছুড়লে চারজন গুরুতর আহত হন। উত্তেজিত জনতা সাতজন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজন ডাকাতকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং অবস্থা গুরুতর হওয়ায় বাকি দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন শরীয়তপুরের ডোমসার এলাকার তোতা মিয়া (৩৫), পিরোজপুরের মাসুম মিয়া (৩০), আল-আমিন (১৯) এবং আরেকজন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাকাতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।