গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন বিলের পানিতে পড়ে গেলে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন গোপালগঞ্জ সদরের ভোজেরগাতি গ্রামের সদানন্দ বালা (৩৫), পিতা কমল বালা, এবং কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের নিরঞ্জন পান্ডে (৩৪), পিতা হরষিত পান্ডে। এ ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকরা বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই একটি নসিমনযোগে শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কাজুলিয়া গ্রামে পৌঁছলে চালক একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে নসিমনটি বিলের পানিতে ছিটকে পড়ে। দুর্ঘটনায় নসিমনের নিচে চাপা পড়ে পানিতে ডুবে সদানন্দ ও নিরঞ্জন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ওসি জানান, নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।