ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“হাসিনার বিচার না হলে নির্বাচনের কথা ভাবা যাবে না” – সারজিস আলম

“হাসিনার বিচার না হলে নির্বাচনের কথা ভাবা যাবে না” – সারজিস আলম
মঙ্গলবার সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন নিয়ে কেউ যেন মুখ না খোলে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “যিনি নির্দেশ দিয়ে অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাঁর ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ বা কোনো রাজনৈতিক দল অন্য কিছু ভাবার কথা মাথায় আনবে না।”

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সারজিস আরও জানান, “আমরা রাজপথে লড়েছি। যে ভাইয়েরা জীবন দিয়েছেন, যে মায়েদের চোখে এখনো অশ্রু ঝরছে, তাঁদের জন্য আমরা অন্তত শেখ হাসিনার বিচার দেখতে চাই। আমরা শহীদদের পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক জমকালো সমাবেশের মাধ্যমে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দলটি তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে।