টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের হাতে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা এলাকায় বৈরাম খানের লেবু বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মির্জাপুরের সাফর্তা গ্রামের সেলিম খানের ছেলে মো. রাকিব খান (২৪) এবং লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার পাখাতি গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩৭)।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে লেবু বাগানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিব ও বাদশা পালানোর চেষ্টা করেন। তবে তৎক্ষণাৎ তাদের ধরে ফেলা হয় এবং একটি বাজারের ব্যাগ থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (৪ মার্চ) আসামিদের টাঙ্গাইল আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।