রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া কর্মকর্তা ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনার বিস্তারিত জানাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী একই দিন দুপুর সোয়া ১২টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন (৪৩), যিনি বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডে অবস্থিত অলংকার জুয়েলার্সের মালিক, রাতে বাসায় ফেরার পথে মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা আনোয়ারের কাছ থেকে জোরপূর্বক প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ আনোয়ারকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও আনোয়ারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনাটি সুপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের এই সাফল্য এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে, তবে স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।