রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ৫০০ জন সহায়ক পুলিশ (অক্সিলারি পুলিশ ফোর্স) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই সদস্যরা প্রয়োজনে অপরাধী গ্রেপ্তার করার ক্ষমতা রাখবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৮ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারাবির সময় শহরের অলিগলিতে জনশূন্যতা তৈরি হয়। এছাড়া, ঈদের ছুটিতে মানুষ বাড়ি চলে গেলে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ব্যবস্থার প্রয়োজন হয়। এ কারণে সহায়ক পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।”
তিনি জানান, মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতা অনুযায়ী, বিভিন্ন শপিং সেন্টার, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে এই সহায়ক বাহিনী কাজ করবে। তাদের হাতে ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ লেখা বিশেষ ব্যান্ড থাকবে এবং আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন ও গ্রেপ্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, “আমাদের পুলিশ সদস্যদেরও ছুটির প্রয়োজন হয়। ফলে কিছুটা জনবল সংকট দেখা দেয়। এ অবস্থায় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই বিশেষ ব্যবস্থা নিয়েছি।”
সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।