ঢাকার সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকার স্বর্ণপট্টিতে রোববার রাতে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস (৫২) নিহত হয়েছেন। ডাকাত দলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় ডাকাতরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। নিহত দিলীপ আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চার সদস্যের একটি ডাকাত দল দোকান বন্ধের সময় হঠাৎ হানা দেয়। তারা দিলীপ দাসের হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পালানোর সময় আতঙ্ক সৃষ্টির জন্য তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি প্রাইভেটকারে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার পর স্থানীয়রা দ্রুত দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল জানান, “রাতে দিলীপ নামে একজনকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে একাধিক গভীর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।