প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গত বছর ক্ষমতার পটপরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দুদের ওপর সংঘটিত হামলাগুলো ধর্মীয় উদ্দেশ্যে নয়, বরং রাজনৈতিক প্রণোদনায় পরিচালিত হয়েছিল। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে সিনেটর পিটার্স উল্লেখ করেন, মিশিগানের ডেট্রয়েটসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তিনি বলেন, “এই বিষয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যা আমেরিকাতেও পৌঁছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।”
জবাবে ড. ইউনূস জোর দিয়ে বলেন, “ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার সুরক্ষায় আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত আগস্টে ক্ষমতার পালাবদলের পর সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল, ধর্মীয় কারণে নয়। আমরা অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় এনেছি।” তিনি সিনেটরকে বাংলাদেশের শহর ও গ্রাম পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং মার্কিন নেতা, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদেরও এদেশ সফর করে প্রকৃত চিত্র দেখার আহ্বান জানান। “এতে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে,” বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরের সংস্কারে রাজি হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। তবে বড় ধরনের সংস্কার চাইলে তা কয়েক মাস পিছিয়ে যেতে পারে। “নির্বাচনের দিনটি জনগণ উৎসবের মতো উদযাপন করবে,” বলেন তিনি।
সিনেটর পিটার্স বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমেরিকা এদেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশী।” ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সামাজিক ব্যবসা, দারিদ্র্যমুক্তি ও ক্ষুদ্রঋণের মাধ্যমে উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
ড. ইউনূস আরও জানান, রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের প্রস্তাবে একমত হলে জুলাইয়ে একটি সনদ স্বাক্ষরিত হবে, যা দেশের ভবিষ্যৎ পথ রচনা করবে।