ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেতে পুলিশের গাড়িতে হামলা, ধর্ষণে অভিযুক্ত যুবককে পিটুনি

রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ওসি কামাল হোসেন জানান, স্থানীয়রা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। তবে খিলক্ষেত বাজার এলাকায় পৌঁছালে কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।