যশোরের ঝিকরগাছা উপজেলায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হন।
বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার নবীবনগর এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিকরগাছার গদখালী গ্রামের নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের বাবলু (৫৫) এবং বামন আলী গ্রামের ১২ বছরের শিশু রত্না খাতুন। নিহত রত্নার বাবা হাসান ইকবাল ও মা হালিমা খাতুন দুর্ঘটনায় আহত হয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, যশোর থেকে বেনাপোলগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। এদিকে, ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।