নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়া বাবদ বকেয়া টাকা চাইতে গিয়ে দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়া (৫০) পিটুনিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তোতা মেম্বার ২০২৪ সালের আগস্টে তিনটি দোকান ভাড়া নেন। এর মধ্যে একটি দোকান দীর্ঘদিন ধরে বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও, সেই দোকানের ভাড়া পরিশোধ করা হচ্ছিল না। বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা ও তার ছেলে-ভাতিজাসহ কয়েকজন মিলে জাহাঙ্গীরকে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট দোকানটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ঘটনার পর থেকে তোতা মেম্বারসহ অভিযুক্তরা পলাতক।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে মারধরের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি মাহমুদুর রহমান সুমনের পক্ষ থেকে।