ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় নিরাপদ খাদ্য অভিযানে বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের নড়িয়ায় অনিবন্ধিত অবস্থায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে নড়িয়া বাজার এলাকায় নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) মাধ্যমে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব কার্তিক চন্দ্র ঘোষ।

এসময় দেওয়ান বেকারীকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ভেজাল খাদ্য ও অনুমোদনহীন রং, যা পরে ধ্বংস করা হয়।

অভিযানকালে বাজারের ঝুমুর হোটেল ও রেস্টুরেন্ট এবং প্রিয়জন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জানানো হয়, ভবিষ্যতে পুনরায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ লঙ্ঘন ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুব্রত ভট্টাচার্য্য বলেন, “মানুষের সুস্বাস্থ্য ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে। কোনোভাবেই ভেজাল বা অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রি বরদাশত করা হবে না।”

অভিযানে আরও সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আবুল হোসেন, নড়িয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব গোলাম সাকলাইনসহ পুলিশ ও র‍্যাবের একটি চৌকস দল।