ঢাকা: আন্দোলনরত জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই সনদ-২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ম দফায় গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি এই সংশোধিত ভাষ্য পাঠ করেন।
সংশোধিত দফায় উল্লেখ করা হয়েছে, ১৬ বছরের আওয়ামী শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের রাষ্ট্রীয় বীর হিসেবে স্বীকৃতি, মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই জরুরি সংশোধনী আনা হয়েছে। কমিশন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের ব্যাপারে সরকারকে সুস্পষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মতবিরোধ নেই।”
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এই সংশোধনকে কেন্দ্র করে আন্দোলনরত পক্ষগুলোর মধ্যে আস্থার সঞ্চার হলেও, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে এখনো কিছু রাজনৈতিক দলের অবস্থান অনিশ্চিত রয়ে গেছে।