ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়ে বন্দিদশার ভয়াবহতা ও পরিবারহীন বাস্তবতার কথা বললেন আবু মুসা

২০ মাসের বন্দিদশা শেষে গাজায় যুদ্ধবন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছেন ৪৫ বছর বয়সি মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ আবু মুসা। বাড়ি ফিরে তিনি দেখেন, তার মা, বোন ও আত্মীয়রা বিমান হামলায় নিহত হয়েছেন; যুদ্ধবিধ্বস্ত গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মুক্তির মুহূর্তে স্ত্রী ও সন্তানদের জড়িয়ে ধরলেও তার চোখে ছিল কেবল শোক, ক্ষয় আর কারাগারের ভয়াবহ স্মৃতি।

টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে আবু মুসা জানান, বিনা অভিযোগে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় নির্মমভাবে লাঠি ও খালি হাতে পেটানো হতো। “তারা আমাদের সাথে পশুর মতো আচরণ করত,” বলেন তিনি।

চেকপয়েন্ট থেকে আটক ব্যক্তিদের জিপ-টাই দিয়ে তিন দিন পর্যন্ত হাত বেঁধে রাখা হতো, পানি বা টয়লেট ব্যবহারের অনুমতি ছাড়াই। “আমরা সবাই-ই নিজেদের জামা-কাপড় নোংরা করে ফেলতাম,” স্মরণ করেন মুসা।

দক্ষিণ ইসরায়েলের এসদে তেইমান বন্দিশিবিরে তাকে দুই মাস হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করা হয়। মারের চোটে তার পাঁজর ভেঙে যায়। পরে নেগেভ কারাগারে স্থানান্তর করা হলে নির্যাতনের মাত্রা কিছুটা কমলেও জীবনযাত্রা ছিল অমানবিক। মাইট সংক্রমণে বন্দিরা চুলকানিতে ভুগলেও চিকিৎসা বা ওষুধ দেওয়া হয়নি।

“মানুষ দেয়ালে ঘষে ঘষে শরীর চুলকাত,” বলেন তিনি। পোশাক পরিবর্তনের অনুমতি ছিল না, বিছানা ছিল নোংরা। একমাত্র পোশাক ধোয়ার পর কম্বল দিয়ে শরীর ঢাকলেও প্রহরীরা তা কেড়ে নিত।

চিকিৎসাহীন অবস্থায় কোলন ব্লকেজে বন্দি মোহাম্মদ আল-আস্তালের মৃত্যু হয়। ১৭ বছর বয়সি এক ফিলিস্তিনি কিশোরের ময়নাতদন্তে দেখা যায়, সে অনাহারে দুর্বল হয়ে পড়েছিল এবং কোলাইটিস ও খোসপাঁচড়ায় আক্রান্ত ছিল।

ইসরাইলি কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আইন মেনেই পরিচালনা করে। তবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলি কারাগার ও আটক কেন্দ্রে অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন, যাদের মৃত্যুর কারণ ছিল নির্যাতন ও অমানবিক পরিবেশ।