রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ রোববার (২৭ অক্টোবর) গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছায়। নিজ গ্রামে মরদেহ পৌঁছানোর পর শোকের আবহ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
সোমবার সকাল ৯টায় গ্রামের পাশের একটি মাদ্রাসার মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাত ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শত শত মানুষ অংশ নেন।
নিহত আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।
দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নেবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।