ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিটনেস পরীক্ষা ছাড়া টার্মিনাল ছাড়বে না বাস: ডিআইজি হাবিবুর রহমান

ঈদে চলাচলরত প্রত্যেকটি গাড়ির ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করে সড়কে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তিনি বলেন, প্রত্যেকটি পরিবহনকেই স্ব-স্ব টার্মিনালে ফিটনেস পরীক্ষার করে ছাড়া হবে। তাই এবার ঈদে সড়ক দুর্ঘটনা কম হবে বলে প্রত্যাশা করছি।

শনিবার দুপুরে সাভারের নবীনগরের একটি রেস্তোরাঁয় ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, উত্তর ও দক্ষিণবঙ্গগামী প্রায় ২০ হাজার পরিবহন প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে ২০ হাজার পরিবহন ঢাকায় ফিরে আসছে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো যানজট তৈরি হয়নি, চাঁদাবাজির খবর আসেনি। কোনো ধরনের অপরাধমূলক ঘটনা সড়কে ঘটেনি। এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত।

সংবাদ সম্মেলন শেষে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের (হিজড়া) মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেন ডিআইজি হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।