বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে প্রদত্ত চিকিৎসা গ্রহণ করতে সক্ষম বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া এ মুহূর্তে তাকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বিদেশি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. জাহিদ জানান, আজই বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখবেন। তাদের মতামতের ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা নির্ধারিত হবে। তিনি বলেন, “রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু করার সুযোগ আমাদের নেই।”
চিকিৎসা প্রক্রিয়ায় সরকার সার্বক্ষণিক সহযোগিতা করছে উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। একইসঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।