দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে জব্দ করা মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বেনজীরের রাজধানীর র্যাংকন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত কাপড়-চোপড়, তৈজসপত্র এবং গৃহস্থালি সামগ্রী এই তহবিলে জমা দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে এসব মালামাল নিলামে বিক্রির পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ঝুঁকি এবং দীর্ঘসূত্রতায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় দুদক বিকল্প এই প্রস্তাব দেয়।
দুদক জানায়, জনবহুল আবাসিক এলাকায় নিলাম আয়োজন করা ঝুঁকিপূর্ণ এবং বিপুল পরিমাণ সামগ্রীর তালিকা প্রণয়ন করতে গেলে অনেক মালামাল ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে।
এসব বিষয় আমলে নিয়ে আদালত নমুনা সংরক্ষণ সাপেক্ষে অবশিষ্ট সম্পদ ত্রাণ তহবিলে হস্তান্তরের অনুমতি প্রদান করেন।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা দ্রুততম সময়ের মধ্যে মালামালগুলো সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের মাধ্যমে হস্তান্তর করবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের আগেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে স্পেনে অবস্থান করছেন বলে জানা গেছে।