বাংলাদেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত শুক্রবার (২ জানুয়ারি) চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সাম্প্রতিক ঢাকা সফর ও আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারতের ‘প্রতিবেশী-প্রথম’ নীতি ব্যাখ্যা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, দিল্লি সব সময় সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকে সমর্থন ও সহায়তা দিয়ে থাকে। উদাহরণ হিসেবে তিনি মহামারির সময় টিকা সহায়তা এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ভারতের ভূমিকার কথা উল্লেখ করেন। তবে সন্ত্রাসবাদ ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যেসব প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাসবাদ উসকে দেয়, তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে।
সদ্য সমাপ্ত ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের প্রতিনিধিত্ব করতে তিনি দুই দিন আগে বাংলাদেশে ছিলেন। তিনি বলেন, “কূটনীতি কোনো রকেট সায়েন্স নয়; এটি পরিশীলিত ভাষায় বলা সাধারণ বুদ্ধি। প্রতিবেশী যদি ক্ষতিকর না হয়, তবে স্বাভাবিক প্রবৃত্তি হলো তাকে সাহায্য করা। ভারত সেই নীতিতেই বিশ্বাসী।”
ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকটের সময় প্রতিবেশী দেশগুলোকে ভারতের পক্ষ থেকে দেওয়া নানামুখী সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ বুদ্ধি ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি পরিচালিত হয়। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা স্বার্থ বজায় রেখে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।