দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় সরাইল উপজেলার কূট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে এই জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভা থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে বিএনপি ও জোটভুক্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ৯টি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হচ্ছেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা।
জনসভার প্রস্তুতি সম্পর্কে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তারেক রহমানকে বরণ করতে সব প্রস্তুতি শেষ হয়েছে। কূট্টাপাড়া মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি। এই সফর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে।
এদিকে জনসভাকে কেন্দ্র করে সরাইলসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভাস্থল ও আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন বলে জানা গেছে।