ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নেমেছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আজ থেকে দেশজুড়ে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন শুরু হয়েছে।
শনিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোটের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক এবং সহায়ক রয়েছে।
ইসি সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মাঠপর্যায়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী আগে থেকেই মাঠে থাকলেও আজ থেকে তাদের টহল ও তৎপরতা আরও জোরদার হবে। উপকূলীয় এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে কোস্ট গার্ড।
এবারের নির্বাচনে সব মিলিয়ে ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন সদস্য থাকছেন আনসার ও ভিডিপি থেকে। এ ছাড়া ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ, ১ লাখ ৩ হাজার সেনাসদস্য এবং ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাব, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্দিষ্ট এলাকায় অবস্থান নিচ্ছেন।
নির্বাচন কমিশনার মাছউদ জানান, নির্বাচনী সামগ্রী ও ব্যালট বাক্স এরই মধ্যে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে র্যাব, বিজিবি ও পুলিশ।