কুমিল্লার পদুয়ার বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) বিকেলে এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষের কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। ইতোমধ্যে এই দুর্ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেন, “পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবনই মূল্যবান।” তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরের নৌকাডুবিসহ অন্যান্য দুর্ঘটনায় হতাহতদের প্রতিও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তিনি পরিবহন খাতের দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ প্রদান করেন।