মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নানা অনিয়মের অভিযোগে দু’টি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইচ্ছামতি ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার (৮ জুন) দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও ফিরোজ মাহমুদ বাংলানিউজকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় প্যাথলজি সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ, গ্রাহকদেরকে মূল্য রশিদ না দেওয়া ও প্যাথলজিস্টদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ‘একতা ডায়াগনস্টিক সেন্টার’র মালিককে ২০ হাজার ও ‘আল এহসান ডায়াগনস্টিক সেন্টার’র মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এ অভিযানের বিষয়টি টের পেয়ে একই এলাকার ‘এচ্ছামতি ডায়াগনস্টিক সেন্টার’র লোকজন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যাওয়ার কারণে ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
জেলা প্রশাসকের উপস্থিতি ও নির্দেশনায় তিনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ।