একটি দাঁত বেশি ধারালো হয়ে যাওয়ার কারণে জিহ্বায় ক্ষত সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। গতকাল বুধবার হাসপাতালের ডেন্টাল অনুষদের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগে নিয়ে তাঁর ওই দাঁতের ধার কমিয়ে দেওয়া হয়েছে।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, খালেদা জিয়া কয়েক দিন ধরে তাঁর জিহ্বায় ব্যথা অনুভব করছিলেন। পরে চিকিৎসকরা দেখেন তাঁর জিহ্বার ডান দিকে কিছুটা ক্ষত হয়েছে। এর ভিত্তিতে আজ (গতকাল) দুপুরে ডেন্টাল বিভাগে নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় তাঁর একটি দাঁতে বেশি ধার হওয়ায় তা জিহ্বায় লেগে ক্ষতের সৃষ্টি করেছে। ফলে মেশিনের মাধ্যমে ওই দাঁতটি ঘষে ধার কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষত শুকানোর চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক বলেন, খালেদা জিয়া যে অবস্থায় আমাদের এখানে এসেছিলেন এখন তার চেয়ে অনেকটাই ভালো আছেন, তাঁর ডায়াবেটিসও এখন নিয়ন্ত্রণে থাকছে। কিন্তু তাঁর চিকিৎসা নিয়ে বাইরে কেউ কেউ যা অভিযোগ করছে তা ঠিক নয় এবং তারা সঠিক অবস্থা জানে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের সাজা ভোগরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।