পুলিশ কর্মকর্তাদের নাম-ঠিকানা সংরক্ষণ করে রাখার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌমুহনী এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আতাউস সামাদ বাবু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ফেসবুকে একটি হুঁশিয়ারিমূলক পোস্ট দেন বাবু। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁকে গ্রেফতারের জন্য মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে গিয়েছিলেন, যদিও তখন তিনি বাড়িতে ছিলেন না। একই স্ট্যাটাসে ছাত্রলীগের আরেক নেতা সিরাজের গ্রেফতারের প্রসঙ্গও টানেন তিনি।
পোস্টে বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি। কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না, ইনশাআল্লাহ।’ স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।