ঝিনাইদহে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বেচা-কেনার অভিযোগে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পরীক্ষা শুরু হওয়ার আগে শুক্রবার সকালে শহরের আরাপপুরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের অরুন কুমার দাসের ছেলে প্রশান্ত কুমার দাস, আরাপপুরের আব্দুল আজিজের ছেলে আব্দুল মজিদ, শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের রোজদার মিয়ার ছেলে আল মাউন, একই উপজেলার সিদ্ধি গ্রামের এলাহী বক্সের ছেলে তাইনুর আলম, উত্তর বোয়ালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাসান ইকবাল ও রানীনগর গ্রামের সৈয়দ আলির ছেলে রিপন হোসেন।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, শহরের আরাপপুরে আব্দুল মজিদের বাসায় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কেনা-বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে মোবাইল ও ৬০ হাজার টাকাসহ ছয়জনকে আটক করা হয়।
এদিকে পরীক্ষা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, আসল প্রশ্নপত্রের সাথে বিক্রি হওয়া প্রশ্নপত্র যাচাই করে তারা কোনো মিল খুঁজে পাননি।