যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বহুল নগরী হিসেবে পরিচিত নিউজার্সির প্যাটারসনে ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামে একটি সড়কের যাত্রা শুরু হলো। গতকাল শনিবার সড়কটির উদ্বোধন করা হয়। নিউজার্সিতে ‘জালালাবাদ স্ট্রিট’ নামে আরেকটি সড়ক রয়েছে। এ ছাড়া নগর কর্তৃপক্ষের আর্থিক সহায়তায় সেখানে নির্মিত হয়েছে স্থায়ী শহীদ মিনার।
এক সময় শিল্প কারখানায় এগিয়ে থাকা এ নগরীতে বাংলাদেশিদের আগমন ঘটেছে অনেক আগেই। মূলত সিলেট অঞ্চল থেকে আসা প্রবাসীরা তাদের পূর্বসূরিদের পদচিহ্ন ধরে এ নগরীতে তাদের চাঞ্চল্য শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামে সড়ক হলো প্যাটারসন নগরীতে।
‘বাংলাদেশ বুলেভার্ড’ নামকরণ উপলক্ষে সেখানে শুরু হয় বাংলাদেশিদের মিলনমেলা ও কনসার্ট। এতে বাংলাদেশের প্রথম সারির ব্যান্ড মাইলস, বাউল কালা মিয়া, রিজিয়া পারভীনসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উপচে পড়া দর্শক উপস্থিতিতে মেলা যেন হয়ে ওঠে মিনি বাংলাদেশ।
বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান শাহিন খালিক উপস্থিত দর্শকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন বলে আমার চেষ্টা ও আপনাদের সহযোগিতায় এটি করা সম্ভব হয়েছে। আগামীতে আপনাদের সহযোগিতা নিয়ে বাকি কাজগুলো সম্পন্ন করতে চেষ্টা করবো।
সংশ্লিষ্টরা বলছেন, এটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং গর্বের দিনও বটে। বিশেষ করে কাউন্সিলম্যান শাহিন খালিকের সুদক্ষ নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা পেল নিজ দেশের নামে সড়ক।